Image description

লক্ষ্মীপুরের রামগতিতে বয়স ১৯ দেখিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা স্কুলছাত্র মো. রিমনের জামিন হয়েছে। গ্রেপ্তারের ১৫ দিন পর আজ সোমবার বিকালে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদেকুর রহমান তাকে দুই শর্তে জামিন দেন।

শর্ত দুটি হলো, প্রতি সোমবার তাকে আদালতে হাজির হতে হবে এবং নিষিদ্ধ সংগঠনের মিছিলসহ কোনো কার্যক্রমে সে অংশ নিতে পারবে না। আসামিপক্ষের আইনজীবী আব্দুর রব সুমন এসব জানিয়েছেন।

গত ২ আগস্ট বিকালে চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রাম থেকে রিমনকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা মামলায় আসামি হিসেবে তার নাম দেওয়া হয়। পরদিন আদালতের মাধ্যমে পাঠানো হয় গাজীপুরের শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে।

অ্যাডভোকেট সুমন বললেন, ‘রিমন স্কুলছাত্র। জন্মনিবন্ধন অনুযায়ী তার বয়স ১৪ বছর ২ মাস। তবে মামলার এজাহারে রিমনের নাম উল্লেখ করা হয় বাচ্চু প্রকাশ রিপন এবং বয়স দেওয়া হয় ১৯ বছর। জন্ম নিবন্ধনের সঙ্গে নাম কিংবা বয়সের মিল দেখা যায়নি। এ ছাড়া আদালতে সোপর্দ করার সময় মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান তার (রিমন) নাম সংশোধন করলেও বয়স দেখিয়েছে ১৩ বছর ১১ মাস ২৯ দিন।’

রিমন রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। সে পড়ে চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৩০ মে সকালে চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে জড়ো হন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন তারা। 

এ ঘটনায় ৪ জুন রামগতি থানার উপপরিদর্শক ময়নাল হোসেন ১২ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। ওই মামলা গ্রেপ্তার করা হয় রিমনকে।