রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবন ‘লাল বাড়ি’-তে জুলাই গণঅভ্যুত্থানের ওপর ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী চলছে। সেখানে উঠে এসেছে জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদের অবদান।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চাঁনখারপুলে আন্দোলনরতদের উদ্দেশে ‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’ বলে আহ্বান জানিয়েছিলেন তিনি। তার এ আহ্বান শুনে সে সময় কেউ কাউকে ছেড়ে যাননি।
‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’ বাক্যটি ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময়কার একটি অত্যন্ত আবেগঘন ও পরিচিত স্লোগান বা আকুতি।
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবন ‘লাল বাড়ি’-তে জুলাই গণঅভ্যুত্থানের ওপর প্রদর্শনীতে আবিদের সেই সময়কার ভিডিও দেখানো হয়।
এদিকে, প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ থাকলেও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ভূমিকার উল্লেখ না থাকায় প্রশ্ন দেখা দেয় অনেকের মনে। এর ব্যাখ্যায় শনিবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রদর্শনীতে মূলত কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা এবং এর বিরুদ্ধে মানুষের আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে। জিয়াউর রহমানকে কর্তৃত্ববাদী শাসক হিসেবে বিবেচনা না করায় তার ভাষণ বা ভূমিকা প্রদর্শনীতে রাখা হয়নি।’