জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘যেকোনো দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সহযোগিতা পৌঁছে দেওয়া জামায়াতের প্রতিটি কর্মীর নৈতিক দায়িত্ব।’
বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মাদারীপুরের কালকিনি উপজেলার পৌরসভার ভূরঘাটা মজিদ বাড়ি এলাকায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা মজিদ বাড়ি এলাকায় তাকে শুভেচ্ছা জানাতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা সমবেত হন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মানবিকতা, ন্যায়বিচার ও জনসেবাকে গুরুত্ব দিয়ে জনগণের আস্থা অর্জনে দলের নেতাকর্মীদের কাজ করা উচিত।