Image description

রাজশাহীতে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের দেওয়া আগুনে টেলিভিশন, আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে গেছে। ঘটনাস্থলে পেট্রোলের গন্ধ পাওয়া গেছে বলে দাবি স্থানীয় ও পুলিশের। ঘটনার পরদিন শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাঘার আড়ানী পৌরসভা বাজারের বড়াল নদের পূর্বপাশে সেতুসংলগ্ন পৌর বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানালেন, ঘটনার সময় বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। আগুনের খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়েনি।

আড়ানী তালতলা বাজারের ঝালমুড়ি বিক্রেতা আক্তার হোসেন বললেন, ‌‌‌‘রাত সাড়ে ১০টার দিকে সেতুর দিক থেকে বিকট শব্দ শুনে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বিএনপি কার্যালয়ে আগুন জ্বলতে দেখেন। এ সময় কার্যালয়ের আশপাশে পেট্রোলের গন্ধও পাওয়া যায়। স্থানীয় রকি আহমেদ, জিনারুল ইসলাম, জয়নাল আবেদীন ও পলাশ হোসেনসহ অনেকে আগুন নেভানোর কাজে অংশ নেন।

বাজারের পাহারাদার বুলবুল হোসেন বললেন, ‘তিনি ঘটনাস্থলে পৌঁছে বিএনপি কার্যালয়ের সামনে লোকজনের ভিড় দেখতে পান। পরে ভেতরে গিয়ে আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন সামগ্রী দেখতে পান।

আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক বলেছেন, ‘খবর পেয়ে রাতে কার্যালয়ে গিয়ে দেখেন, দুটি দরজার মধ্যে একটি দরজা এবং দুটি জানালা খোলা ছিল। আগুনে কার্যালয়ের টেলিভিশন, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি অভিযোগ করলেন, পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বাঘা ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম বলেছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন আলামত দেখা গেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

পরে সাংবাদিকদের তিনি জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেছেন, ‘ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। কার্যালয়ের ভেতরে পেট্রোলের গন্ধ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’