প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সফর করবেন বরিশালে। এতে উচ্ছ্বসিত বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিএনপি নেতাকর্মীরা। তাকে স্বাগত জানাতে দফায় দফায় আনন্দ মিছিল করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গত বৃহস্পতিবার বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণের নেতৃত্বে প্রথম আনন্দ র্যালি হয়।
পরে শুক্রবার মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুখ ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিকালে আনন্দ র্যালি, একই দিন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম ও সদস্য সচিব নাভিদ খান তুষার এবং সবশেষ শনিবার সকালে বরিশাল সদর উপজেলা বিএনপি এবং বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে র্যালি করা হয়।
মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেছেন, আমরা আশায় বুক বেঁধেছি আমাদের নেতা আমাদের কাছে আসবেন। বরিশালের উন্নয়নের জন্য তিনি তার সফরকালে অনেক কিছু দিয়ে যাবেন আশা রাখছি।
মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন মন্তব্য করেন, প্রধানমন্ত্রীর আগমনের খবরে শুধু আমাদের নেতাকর্মীরাই নয়, সাধারণ জনগণও উচ্ছ্বসিত। দক্ষিণাঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়নে এই সফর বেশ গুরুত্ব বহন করবে।
কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম বলছিলেন, প্রধানমন্ত্রী বরিশালে কোনো জনসভা করবেন না। তিনি শিল্পকলা একাডেমিতে বরিশালের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিকসভা করবেন। তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে ব্যাপক জনসমাগম হবে।
বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিমের ভাষ্য, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ছাত্রদল সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সাংগঠনিক সভায় আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থাকা প্রধান সমস্যাগুলো তার সামনে তুলে ধরার চেষ্টা করব।
অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি চলছে ব্যাপকভাবে। নগরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সার্কিট হাউজ ও শিল্পকলা একাডেমিকে নতুনভাবে সাজানো হচ্ছে। পাশাপাশি তার সফরস্থল প্রতিনিয়ত পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণ ও বরিশাল জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
বিলকিস জাহান শিরিণ জানিয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান প্রথম বরিশাল সফর করছেন। বরিশালবাসী তাকে বরণে অপেক্ষা করছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মূলত খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির জন্য বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, ১৩ জুলাই সোমবার সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি গৌরনদীর বাটাজোড় ও বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
দুপুরে সার্কিট হাউসে বিরতির পর বেলা ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।