Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা একটি বিতর্কিত মন্তব্যের জেরে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশটি পাঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা। শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আসাদুজ্জামান ফুয়াদের কাছে ই-মেইলের মাধ্যমে নোটিশটি পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, গত বুধবার ঢাকসু কার্যালয়ে আয়োজিত ‘বাঙালি মুসলমানের জাগরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভায় ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অবমাননাকর, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেন।

সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশের সব ফ্যাসিস্ট, টাউট ও ক্রিমিনাল তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।’

নোটিশে দাবি করা হয়, এ ধরনের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহাসিক সুনামকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্ষতিগ্রস্ত করেছে। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও মানসিক কষ্টের সৃষ্টি করেছে।

নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে তিনটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রথমত, ফুয়াদের বিরুদ্ধে যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ। দ্বিতীয়ত, ১ জুলাই দেওয়া বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার করে ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক খ্যাতি ও সুনাম ক্ষুণ্ন করার দায়ে দৃষ্টান্তমূলক ও শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিলে জমা দেওয়া, যাতে অর্থটি একাডেমিক উন্নয়ন ও জাতীয় সমৃদ্ধির কাজে ব্যবহার করা যায়।

নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্যে দাবিগুলো পূরণ না হলে বা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করা হলে জনস্বার্থে হাইকোর্টে রিট করা হবে।

শনিবার আইনজীবী তনয় জানান, বৃহস্পতিবারই নোটিশটি পাঠানো হয়েছে।