Image description

মিরপুর মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আশিকা সুলতানাকে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক রিমান্ডের এ আদেশ দেন। শুনানি শেষে আদালত থেকে বের করা হলে তিনি জয় বাংলা স্লোগান দেন। এসময় তিনি বলেছেন, আমার কি অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর ফের তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মিরপুর মডেল থানার এসআই আল মামুন হোসেন। আশিকা সুলতানার পক্ষে তার আইনজীবী শাহাব উদ্দিন রাজু রিমান্ড বাতিল ও জামিন চেয়ে প্রার্থণা করেন। শুনানি নিয়ে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয়। এর আগে গত বৃহস্পতিবার রাত ১১ টা ৫০ মিনিটের দিকে ঢাকার মিরপুর সাড়ে ১১ নম্বর থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার তার সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৯ জুন মিরপুর এক নম্বরের এপেক্স শোরুম সংলগ্ন বাটা শোরুমের সামনের রাস্তায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন সরকারবিরোধী মিছিল করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উপস্থিত আসামিরা তাদের কাছে থাকা বিভিন্ন ব্যানার ফেস্টুন রেখে পালিয়ে যায়। পরে ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা মিছিল করেছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।