Image description

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি অনুষ্ঠানে পূর্বের হামলার বিচার চাইতে গিয়ে আবারও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি কর্মী ও প্রবাসী মো. মানিক। তার দাবি, সংসদ সদস্য সরওয়ার আলমগীর ও ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে'র উপস্থিতিতেই এ ঘটনা ঘটে।

রোববার (২৮ জুন) বিকেলে হেয়াঁকো বনানী ডিগ্রি কলেজ মাঠে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এ ঘটনা ঘটে। এতে এক নারীসহ মানিকের পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় বিএনপি নেতা নাসিরউদ্দিন বিপ্লব ও তার অনুসারীরা এ হামলায় জড়িত। তবে অভিযোগ অস্বীকার করেছেন নাসিরউদ্দিন বিপ্লব।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নিজের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের আগের ঘটনার বিচার চেয়ে অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যের কাছে অভিযোগ জানাতে যান মানিক। এ সময় নাসিরউদ্দিন বিপ্লবের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে বিপ্লবের অনুসারীরা মানিক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানিক দাবি করেন, এর আগেও নাসিরউদ্দিন বিপ্লবের নেতৃত্বে তার বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় একটি মামলা বিচারাধীন রয়েছে। সেই ঘটনার বিচার চাইতেই তিনি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তাকে মারধরের পাশাপাশি হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে নাসিরউদ্দিন বিপ্লব বলেন, হামলার কোনো ঘটনাই ঘটেনি।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, এমপি ও পুলিশের উপস্থিতিতে মানিক ও বিপ্লবের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শীর্ষনিউজ