বিভিন্ন গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের ‘চেষ্টা করছে’ তুলে ধরে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “দুর্ভাগ্য বাংলাদেশে আমরা সবসময় কিন্তু সহজেই সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছেন। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন। অনেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছেন।”
মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, “সোশাল মিডিয়াতে যে সমস্ত আপনার, প্রচার প্রচারণা হচ্ছে, যে সমস্ত অপপ্রচার হচ্ছে, এই সবকিছু মিলিয়ে কিন্তু সমাজকে আবার ভিন্ন পথে পরিচিত করবার একটা উদ্যোগ আছে। একটা সচেতন চেষ্টা আছে।
“সেই চেষ্টাকে যেন আমরা সবাই মিলেই, এটাকে প্রতিরোধ করতে পারি, প্রতিহত করতে পারি এবং সঠিকভাবে এগিয়ে যেতে পারি সেই চেষ্টাটা আমাদের করা দরকার।”
