চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান ইস্যুতে পৃথক কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। এ সময় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি স্লোগান দেয় উভয় সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১৪ জুন) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় উভয় সংগঠন তাদের ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুম ও অপহরণের নাটক সাজানোর’ অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল। মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড় প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে শেষ হয়।
মিছিলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘৭১ এরা এদের ধর্ষকের ভূমিকা ছিল, এখন ২৬ এ তারা সেই ভূমিকা পালন করছে। আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। আমরা সহঅবস্থান চাই, তবে কোনো ধর্ষককে মেনে নেব না। আগের দিন নাই। এ দিন জুলাই-পরবর্তী দিন।’
অপরদিকে, বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কর্তৃক জাতীয় সংসদে হিজাব নিয়ে কটাক্ষ করার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রশিবির।
শাখা শিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় একজন এমপি হিজাব নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের মন্তব্য একজন ইউপি সদস্যের কাছ থেকেও প্রত্যাশিত নয়।’