Image description

বাংলাদেশের রাজনীতির নানা বাঁক-বদলের সাক্ষী তোফায়েল আহমেদের জানাজার আগে ভোলায় বিক্ষোভ করেছে ছাত্রদল ও যুবদলের একদল নেতাকর্মী।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জানাজাস্থল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তারা তোফায়েল আহমেদকে ছাত্রদল নেতা নুরে আলম ও যুবদলের রহিমের হত্যাকারী দাবি করে বিদ্যালয়ের মাঠে জানাজা না পড়ানোর দাবি জানান।

পরে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা এসে তাদের সরিয়ে নেয়।

উনসত্তরের গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ সোমবার বিকাল সাড়ে ৩টায় ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান। সেদিন বাদ মাগ‌রিব রাজধানীর ধানম‌ন্ডির তাকওয়া মস‌জিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে প্রবীণ এ আওয়ামী লীগ নেতার মরদেহ হেলিকপ্টারে করে ভোলায় নেওয়া হয়। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে সদর উপজেলার কোড়ালিয়া গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগা তোফায়েল আহমেদ গত ২৪ সেপ্টেম্বর থেকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।