Image description

নোয়াখালীর সুবর্ণচরে এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমান আলী বাজার এলাকার আবদুস সামাদের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।

 

​অভিযুক্ত আবদুস সামাদ ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর।

 

​স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আবদুস সামাদ তার বাড়িতে সরকারি চাল অবৈধভাবে মজুদ করে রাখতেন। পরবর্তীতে এই চাল চড়া দামে বাজারে বিক্রি করা হতো। শনিবার সকালে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে সামাদের বাড়িতে যান এবং একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পান। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ৯৬ বস্তা চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান।

 

​অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুস সামাদ বলেন, ‘আমার ছোট ভাই ডাক্তার আজগর একজন ডিলার। নূরানী মাদরাসায় সরকারি বরাদ্দের চাল তিনি কিনে এনেছেন এবং সেগুলো বাড়িতে রাখা হয়েছিল। সরকারি বরাদ্দের চাল তো যে কেউ কিনতে পারে। আমরা তো চুরি করে আনিনি। কেনা চাল বাড়িতে রাখা কেন অপরাধ হবে, তা আমার জানা নেই।’

 

​সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, ‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চালগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেগুলো ইউনিয়ন পরিষদে জব্দ রাখা আছে। চাল ক্রয়ের পক্ষে কোনো বৈধ কাগজপত্র আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’