সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেই পথ ধরে স্বৈরাচার হেঁটেছে, সেই পথ ধরে সরকারও হাঁটছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর অবস্থানের হুঁশিয়ারিও দেন তিনি।
আজ (শনিবার, ১৬ মে) গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহী বিভাগীয় সমাবেশে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘গণভোটের রায় অগ্রাহ্য করা মানে এ দেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলী দেখানো। গণভোটের রায় বাস্তবায়ন করলেই জনগণ ক্ষমা করবেন।’
সরকারি দলকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘সংস্কারের প্রথম দফার সঙ্গে আপনারই গাদ্দারি করছেন। আপনারা সাধারণ গুম কমিশন মানছেন।’
এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। সরকারের দেয়া কার্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘এ কার্ডে যদি টাকা না আসে, তাহলে আমরাও একটি কার্ড বানাবো, যেটা হবে লাল কার্ড।’
বাংলাদেশে যদি আওয়ামী লীগ আসতে পারে, শেখ হাসিনা আসতে পারে, তাহলে প্রথম গুলিটা তারেক রহমানের বুকে মারবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি সরকারের উদ্দেশে আরও বলেন, ‘বাংলাদেশে আপনি যদি সংস্কার না করেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনার গদি রাখবে না।’
রাজশাহীবাসীর জীবন বাঁচানোর জন্য পদ্মার পানি লাগবে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতীয় বাহিনীর সঙ্গে কোনো নতজানু করা যাবে না।’ সীমান্তে হত্যা হলে কোনো জাতীয়তাবাদী বসে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।