Image description

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

এর আগে গত বছর তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। গত ২৫ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে অংশ নেন আসাদুল হক বাবু। ওইদিন দুপুর আড়াইটার দিকে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর একই বছরের ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ মোট ২৫ জনকে আসামি করা হয়।

এজাহারে নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারিক প্রক্রিয়ায় রয়েছে এবং আপিল বিভাগের সর্বশেষ আদেশে তৌহিদ আফ্রিদির জামিন বহাল রাখা হয়েছে।