Image description

গত ২৩ এপ্রিল ফেসবুকে ছড়ানো একটি ভুয়া স্ক্রিনশটের ভিত্তিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে তৈরি হওয়া উত্তেজনাকর ঘটনার সংবাদ কাভার করতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত অন্তত ১০ জন সাংবাদিক। এই ঘটনায় ডাকসুর দুই নেতা এবি জুবায়ের এবং মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকেও মারধর করেছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কর্মীরা। 

এমনকি হামলায় জড়িতদের ছবি বিভিন্ন অনলাইন পোর্টাল ও ফেসবুজ পেজে প্রকাশিত হওয়ার পর তা শেয়ার করে উদযাপন করতে দেখা গিয়েছে হামলাকারী ছাত্রদল নেতাকর্মীদের। কেউ কেউ হামলায় নিজেদের ভূমিকার বিষয়ে কৌতুক করছেন, শেয়ার দিচ্ছেন মিম। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য ডিসেন্ট

সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিলের দাবিতে শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারী কয়েকজনকে শনাক্ত করেছে দ্য ডিসেন্ট।