Image description

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় একসময় রাজনৈতিক কর্মকাণ্ডে সরব থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন পরিণত হয়েছে পানের হাটে।

উপজেলার পোস্ট অফিস রোডে সরকারি বড়পুকুর পাড়ের পাশে অবস্থিত এই কার্যালয়টি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ফুলবাড়ীয়া উপজেলা শাখার দপ্তর। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনায় দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় চলে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্দোলনের সময় কার্যালয়টি ভাঙচুরের শিকার হয়। এরপর থেকে এখানে আর কোনো রাজনৈতিক কার্যক্রম দেখা যায়নি। বর্তমানে সেই পরিত্যক্ত স্থানে প্রতিদিন বসছে পানের হাট।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পানচাষিরা এখানে পান নিয়ে আসছেন। একইসঙ্গে স্থানীয় পাইকার ও আড়তদাররা উপস্থিত হয়ে দরদাম করছেন এবং বেচাকেনা চলছে। দুই ঘণ্টার মতো সময় ধরে চলে এই হাটে জমজমাট বাণিজ্য।

স্থানীয় পাটুলি এলাকার বাসিন্দা কাদের মিয়া বলেন, আগে এটি আওয়ামী লীগের অফিস ছিল। রাজনৈতিক পরিবর্তনের পর এটি পরিত্যক্ত হয়ে গেলে এখানে পানের হাট বসানো শুরু হয়। এখন এটি একটি নিয়মিত বাজারে পরিণত হয়েছে।

আলমগির ও সুজাৎ নামের স্থানীয়রা জানান, প্রতিদিন শতাধিক পানচাষি ও পাইকার এই হাটে আসেন। এখানে আড়তদারির মাধ্যমে পান কেনাবেচা হয় এবং বেচাকেনা তুলনামূলকভাবে ভালো হচ্ছে।

পান নিয়ে আসা কৃষক ও ব্যবসায়ীরা জানান, এ বাজারে স্থানীয়ভাবে সংগঠিত আড়ত ব্যবস্থার মাধ্যমে পান বিক্রি হওয়ায় তারা কিছুটা সুবিধা পাচ্ছেন।

স্থানীয়দের মতে, রাজনৈতিক কার্যালয়টি এখন বাণিজ্যিক হাটে রূপ নেওয়ায় এলাকায় নতুন একটি অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হয়েছে, যা ছোট আকারে হলেও স্থানীয় অর্থনীতিতে প্রভাব ফেলছে।