রাজশাহীর বাগমারা উপজেলায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বিষ প্রয়োগের ফলে শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার তাহেরপুর পৌরসভার নুরপুর মহল্লার একটি পুকুরে রুই-কাতলাসহ বিভিন্ন কার্প জাতীয় মাছ মরে ভেসে ওঠে।
স্থানীয়দের ধারণা, শুক্রবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। পুকুরটির ইজারাদার তাহেরপুর পৌর যুবলীগের পলাতক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা দীর্ঘদিন ধরে বাড়ির পাশের প্রায় ১২ বিঘা আয়তনের পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে তিনি পলাতক থাকায় তার স্বজনেরা পুকুরটির দেখভাল করছিলেন।
সোহেল রানা গণমাধ্যমকর্মীদের ফোন করে জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে এর আগেও তার কয়েকটি পুকুর বেদখল হয়ে গেছে। বর্তমান ঘটনাতেও কারা জড়িত, তা তিনি নিশ্চিত নন। এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোহেলের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয়দের জমি জোর করে দখল করে পুকুর কাটার অভিযোগ ছিল। একসময় কিছুই ছিল না তার। রাতারাতি সোহেল বাগমারা ও দুর্গাপুরে অন্তত ৫০টি পুকুর খনন করেছিলেন।