জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মনিরা শারমিনকে আহ্বায়ক ও মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব রেখে ৫৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটি ঘোষণার পরপরই পদত্যাগ করেছেন যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।
আজ শনিবার (১৮ এপ্রিল) এনসিপি’র সদস্য সচিব মাহমুদা আলম মিতু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারী শক্তির কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত হয়েছেন বলে জানিয়েছেন দ্যুতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি লেখেন, আমি, দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) সংগঠক (উত্তরাঞ্চল), সিনিয়র যুগ্ম সদস্য সচিব, জাতীয় যুবশক্তি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) এনসিপি থেকে প্রাথমিক ভাবে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলাম। নির্বাচনের আগে এনসিপি থেকে নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।
তিনি আরও লেখেন, আজ ১৮ এপ্রিল প্রকাশিত এনসিপির নারী সংগঠন "জাতীয় নারীশক্তি"র কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে বিষ্মিত, উক্ত কমিটির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই এবং জাতীয় নাগরিক পার্টির সকল প্রকার পদ থেকে পদত্যাগ করেছি এবং পদত্যাগ পত্র প্রেরণ করেছি।
পোস্টের সঙ্গে পদত্যাগপত্রও শেয়ার করেছেন তিনি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর লেখা পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, এনসিপি-র প্রাথমিক লক্ষ্য, আদর্শ এবং নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি এই দলের সাথে যুক্ত হয়েছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, দল যে প্রতিশ্রুতি নিয়ে এই যাত্রা শুরু করেছিল, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন আর দেখা যাচ্ছে না। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, সাধারণ মানুষের আশাভঙ্গ হওয়ার এই পরিস্থিতিতে আমার পক্ষে দলের সাথে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না।
তিনি আরও লেখেন, এমতাবস্থায়, আমি অদ্যই এনসিপি-র সকল পর্যায়ের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে এই দলের কোনো কার্যক্রমের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা থাকবে না। ভবিষ্যতে দেশ ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যাশা ব্যক্ত করছি।
এর আগে গত ৮ মার্চ আহ্বায়ক-সদস্য সচিব ছাড়াও মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমকে রেখে ৩ সদস্য বিশিষ্ট নারী শক্তির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিলো। পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন, সাগুফতা বুশরা মিশমা। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন, হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন, মনজিলা ঝুমা। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন, দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি, ইসরাত জাহান বিন্দু। যুগ্ম মূখ্য সংগঠক হিসেবে রয়েছেন, ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী, নাদিয়া ইসলাম মিম।
সংগঠক হিসেবে রয়েছেন, ফারিবা হায়দার, সালওয়া শামস, ইয়াসমিন তামান্না, সামিনা নাসরিন স্বপ্নীল, আকলিমা আক্তার, তোফাইয়া তুন নাসা শিমু, কানিজ ফাতেমা, মাহমুদা আকতার দুলারি, মোছা. শারমিন আক্তার, ফারজানা আক্তার নূপুর, তাসনিম তিশা, সাবিকুন নাহার, তাহমিদুন্নাহার তামান্না, আজরীন আরবী, শামসুন্নাহার, মারিয়াম ইসলাম।
এরআগে গতবছর ডিসেম্বরে জামায়াতের সঙ্গে এনসিপির জোটগঠনকে কেন্দ্র করে নির্বাচন ও দলীয় কার্যক্রম থেকে নিজেকে সড়িয়ে নেওয়ার ঘোষাণা দিয়েছিলেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।