Image description

মব তৈরির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মানবিক চিকিৎসক ডা. কামরুল ইলসাম। তিনি বলেন, ‘গতকাল রাজনৈতিক পরিচয় দিয়ে মঈন উদ্দিন নামের এক ব্যক্তির চাঁদাবাজি ও কিছু অনাকাঙ্খিত ঘটনার প্রতিবাদে দ্রুত রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ।’

শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চিকিৎসক কামরুল ইসলাম বলেন, ‘গত ৫ আগষ্টের পর থেকে মঈন উদ্দিন নিজেকে যুব দলের কর্মী পরিচয় দিয়ে ও কমিশনার প্রার্থী জানিয়ে হাসপাতালের বিভিন্ন সাপ্লাই কাজের জন্য ক্রমাগত চাপ প্রয়োগ করে আসছিল।

পরে সরবরাহের কাজের জন্য তিনি অত্যধিক চওড়া দামে চার্জ দিয়ে রোগী সরবরাহ করা শুরু করে। হাসপাতালের স্বচ্ছতা বজায় রাখতে এই অনিয়ম বন্ধ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন।’ 

তিনি আরো বলেন, ‘এরই মাঝে গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে হাসপাতালে এসে মব তৈরি এবং কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন মঈন উদ্দিন। এর আগে, গত ২৯ মার্চেও তিনি হাসপাতালে এসে কর্মচারীকে হুমকি প্রদান ও উত্তেজনাকর পরিবেশ তৈরি করেন।

এর প্রেক্ষিতে ৩০ মার্চ আমি শেরে বাংলা নগর থানায় একটি জিডি করি।’

তিনি জানান,  সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতাল গত ১৭ বছরে দুই হাজারের বেশি কিডনি ট্রান্সফার করেছে। এছাড়া এখানে চিকিৎসাধীন রোগী ও স্ট্রাফদের জন্য তিন বেলা বিনামূল্যে খাবারের ব্যবস্থা চালু আছে।

এদিকে, এ ঘটনায় শুক্রবার রাতে একাধিক সংবাদ প্রকাশ করে কালের কণ্ঠ অনলাইন ও মাল্টিমিডিয়া।

এতে নড়েচড়ে বসেন কেন্দ্রীয় যুব দলের নেতাকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনী। পরে রাতেই চিকিৎসক কামরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এসময় তারা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।