Image description

ভোলার পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে (৩৭) গ্রেপ্তারের ঘটনা নিয়ে সংসদ অধিবেশনে কথা বলেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া আসনের দলটির এমপি রফিকুল ইসলাম খান। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি ওই নারীর মুক্তি চান।

রফিকুল ইসলাম খান বলেন, সাওদা সুমি নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে, এবং বলা হয়েছে যে তাকে ‘ওপরের নির্দেশে’ গ্রেপ্তার করা হয়েছে।

তিনি প্রশ্ন তুলেছেন, ‘ওপরের নির্দেশ’ বলতে ঠিক কাকে বোঝানো হয়েছে?

বিবি সাওদার মুক্তি চেয়ে তিনি বলেন, ‘আমি মাননীয় স্পিকারের মাধ্যমে সরকারের প্রতি আহবান জানাই, আজ অফিস টাইমের মধ্যে তাকে মুক্তি দিতে হবে। এছাড়া এই মামলাও অবিলম্বে প্রত্যাহার করা হোক।’

তিনি আরও উল্লেখ করেছেন, এই গ্রেপ্তারের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস পাওয়া যায়। অথচ বর্তমান সরকার গণতান্ত্রিক; তাহলে মানুষ কি তাদের মতামত প্রকাশ করতে পারবে না?

পয়েন্ট অব অর্ডারে এসব কথা বলার পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি নিয়ে বিরোধীদলীয় নেতা আমার সঙ্গে কথা বলেছেন। এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করেছি। 

তিনি আরও বলেন, বাইরে রাজপথে বসে যেটা দেওয়া যায়, এভাবে সংসদে আল্টিমেটা দেওয়া সম্ভব নয়। বিধি অনুসারে প্রয়োজন হলে আপনি প্রস্তাব আকারে নিয়ে আসবেন। আর ফেসবুকে তো প্রতিদিন মানুষ সরকারকে বিভিন্ন মন্তব্য দিয়েই যাচ্ছে। সবকিছু আমলে নিলে সংসদ আর অন্য কোনও কাজ করতে পারবো না। 

স্পিকার আরও বলেন, তবে বিরোধীদলীয় নেতা বিষয়টি যেহেতু জানিয়েছেন, আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব।

এর আগে ফেসবুকে জ্বালানি তেল সংকট ও একটি ফটোকার্ড শেয়ার করার অভিযোগে রবিবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসভবন থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিশেষ করে ওই নারীর তিন বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী সন্তানের বিষয়টি সামনে আসায় সাধারণ মানুষ একে অমানবিক হিসেবে দেখছেন।