Image description

উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিস উপকূলে একটি রাবারের নৌকায় অন্তত ১৮ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এবং উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৯ মার্চ এক শোক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ২৭ মার্চ (জুমআ বার) উত্তর আফ্রিকা থেকে ইউরোপগামী নৌকায় গ্রিস উপকূলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর অকাল মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এটি সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক। আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, জীবনঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে যাত্রা করা অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমরা আশা করি, এ ধরনের অনাকাক্সিক্ষত বিপর্যয় প্রতিরোধে মানবিক ও স্থায়ী সমাধান বাস্তবায়ন করা হবে। অভিবাসী সমস্যার স্থায়ী ও মানবিক সমাধান ছাড়া এ ধরনের বিপর্যয় থামানো সম্ভব হবে না।

আমি অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট দেশসমূহের সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করার জন্য বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।