Image description

বগুড়ার ধুনটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ছাত্রদল নেতা ও তার বাবা আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ধুনট-সোনাহাটা সড়কের খোকসাহাটায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পাকুড়িহাটা গ্রামের আব্দুল মোতালিব (২৫) এবং তার বাবা জেল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে খোকসাহাটা গ্রামের ছানোয়ার হোসেনের বাড়িতে একটি কুলখানি অনুষ্ঠানে অংশ নিতে যান তারা। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অসীমসহ তার অনুসারীরা। অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে।

পরে দাওয়াত শেষে বাড়ির উদ্দেশে রওনা হলে পথে অসীমের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

এতে আব্দুল মোতালিব ও তার বাবা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা অসীমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আহত ছাত্রদল নেতার চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে।

এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।