Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় চড়ে সংসদ অধিবেশনে এসেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে তিনি জাতীয় সংসদ ভবনে পৌঁছান। তিনি রাজধানীর বাংলামোটর থেকে মাত্র ৩০০ টাকা ভাড়া দিয়ে সংসদে আসেন।

সিএনজি চালক গণমাধ্যমকে জানান, এমপি সাহেব সাধারণ মানুষের মতোই চলাফেরা করেন এবং তার আচরণ ছিল খুবই সরল ও আন্তরিক।

চালক বলেন, আমি বাংলামোটর থেকে ভাড়া করে তাকে নিয়ে আসি। আমি আসলে ভাড়া চাইনি। পরে তার পিএস ভাড়া দিতে চাইলে প্রথমে ১৫০ টাকা দিতে চেয়েছিল। পরে আমি বলি ১৮০ টাকা দিলেই হবে। কিন্তু এমপি সাহেব বললেন, ড্রাইভারকে যেন ঠকানো না হয়। শেষ পর্যন্ত ৩০০ টাকা ভাড়া দেওয়া হয়।

তিনি আরও বলেন, শুরুতে তিনি জানতেন না যে যাত্রী একজন এমপি। পরে পিএস জানান যে তাকে সংসদ ভবনে নিয়ে যেতে হবে। তখন তিনি সালাম দিয়ে কথা বলেন।

চালকের ভাষ্য, “উনি আমার সাথে খুব ভালোভাবে কথা বলছেন। আমার খোঁজখবর নিলেন-গাড়ি চালিয়ে কেমন আয় হয়, সংসার চলে কি না। আমি বললাম, কোনো রকমে চলছে, দিনে প্রায় ৫০০ টাকা আয় হয়।

তিনি বলেন, টাকা-পয়সা বড় কথা না। উনার মতো একজন মানুষ আমার গাড়িতে উঠছে-এটাই আমার জন্য অনেক বড় আনন্দের।

আখতার হোসেন ২০২৬ সালের নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে ভোটে জয়ী হন।