Image description

ড. মো. ফরিদ তালুকদার

জাতীয় ঐক্য এখন বাংলাদেশের রাজনীতিতে বহুল ব্যবহৃত একটি পরিভাষা। রাজনৈতিক অঙ্গন থেকে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও জাতীয় ঐক্যের আহ্বান শোনা যায়। রাষ্ট্র গঠনের ক্ষেত্রে রাজনৈতিক, ধর্মীয় ও আদর্শিক ভিন্নতা সত্ত্বেও জাতীয় স্বার্থে ঐক্য থাকা প্রত্যাশিত। কিন্তু স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাংলাদেশে প্রকৃত অর্থে একটি টেকসই জাতীয় ঐকমত্য গড়ে ওঠেনি। একদিকে বিভিন্ন সংকট জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে জাতীয় ঐকমত্যের অভাবও বারবার নতুন সংকটের জন্ম দিয়েছে।

কিন্তু বর্তমানে রাজনৈতিক অঙ্গন থেকে যে জাতীয় ঐক্যের আহ্বান আসছে, তার ভিত্তি কী? কোন সংকট মোকাবিলায় এই ঐক্য? বাংলাদেশের রাজনৈতিক সংকটের কেন্দ্রে রয়েছে একটি মৌলিক সমস্যা—রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে কিংবা ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে; জনগণের ভোট, মতামত ও প্রত্যাশার চেয়ে দলীয় ক্ষমতা ও স্বার্থকে প্রাধান্য দেয়। এটা করতে গিয়ে কার্যত জনগণের কাছ থেকেই রাষ্ট্রের মালিকানা ও কর্তৃত্ব ছিনিয়ে নেয়।

শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এক যুগেরও বেশি সময় ধরে এ দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গুম ও খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিলেন। হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার পর ছাত্র-জনতা-সিপাহিদের গণঅভ্যুত্থানের মুখে তিনি ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান। দীর্ঘ সময়ের নিপীড়ন, নির্যাতন ও রাজনৈতিক অধিকার হরণের অভিজ্ঞতা থেকে জনগণ উপলব্ধি করে—শুধু শাসক পরিবর্তন করলেই রাষ্ট্রের সংকটের সমাধান হবে না; পরিবর্তন আনতে হবে রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে, ক্ষমতার কাঠামোয় এবং প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতায়। মানে, রাষ্ট্রব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। এই উপলব্ধি থেকেই রাষ্ট্র সংস্কারের দাবি সামনে আসে। কীভাবে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা যায়, কীভাবে বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন রাখা যায়, কীভাবে ভবিষ্যতে একনায়কতান্ত্রিক শাসনের পথ বন্ধ করা যায়—মানে, রাষ্ট্র সংস্কার কীভাবে করতে হবে, তা এ দেশের মালিকেরা এ বছর ১২ ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে জানিয়ে দেন।

নির্বাচিত সরকার সেই গণভোটের রায়কে উপেক্ষা করে। আবারও জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষা উপেক্ষিত হয়, তৈরি হয় জাতীয় সংকট।

এর পাশাপাশি আরেকটি উদ্বেগজনক দিক হলো, সরকারঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু ব্যক্তি ও মহল ক্রমাগত আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছে ও জনমত তৈরি করছে। এই মহল কখনো বলছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়; কখনো বলছে, আওয়ামী লীগ ভালো দল। কেউ কেউ আওয়ামী লীগের পুনর্মিলনের কথাও বলছেন। রাজনৈতিক মতপ্রকাশের অধিকার সবার আছে। কিন্তু এসব বক্তব্য যখন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে ধারাবাহিকভাবে আসে, তখন জনমনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক—সরকার এদের দিয়ে এগুলো কেন করাচ্ছে? সরকার কি কখনো এদের জিজ্ঞাসা করেছে, একটি গণহত্যাকারী ফ্যাসিবাদী দল কীভাবে নির্যাতিত-নিপীড়িত দলের সমান বা তার চেয়ে ভালো হতে পারে? তাদের আওয়ামী বন্দনা শুনে গুম হওয়া ও খুন হওয়া হতভাগ্য ব্যক্তিদের পরিবারগুলো কুঁকড়ে কুঁকড়ে কাঁদে। এই দিন দেখার জন্যই কি তাদের প্রিয়জনরা জীবন দিয়েছে? তাই সরকারঘনিষ্ঠ ব্যক্তিদের আওয়ামী লীগকে সমর্থন করা এবং আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়াও একটি বড় সংকট।

তাহলে এখন জাতীয় ঐক্য হবে কোন সংকট সমাধানে—শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সংকট? নাকি নির্বাচিত সরকার যে জনগণের গণরায় উপেক্ষা করল, সেই সংকট? নাকি সরকারের ঘনিষ্ঠ যে ব্যক্তি ও মহল আওয়ামী লীগকে ভালোবাসে এবং রাজনীতিতে দেখতে চায়, সেই সংকট? তিনটিই তো সংকট; এবং তিনটিই বড় সংকট।

শেখ হাসিনার শাসন এবং সেই শাসনের ফলে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় কাঠামো নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম বড় সংকট। কিন্তু এটিই একমাত্র সংকট নয়। তাই কেবল যদি আওয়ামী লীগের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ভবিষ্যতে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন রুখতে ঐক্য হয়, তাহলে সেই ঐক্য আমাদের মুক্তি দেবে না। এমন ঐক্য হয়তো সাময়িক রাজনৈতিক উত্তাপ বন্ধ করবে বা সাময়িক সমঝোতা তৈরি করবে, কিন্তু রাষ্ট্রের মৌলিক সংকট দূর হবে না।

এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। ১৯৪৫ সালে নাৎসি জার্মানির পতনের পর মিত্রশক্তি দেশটিতে ‘ডিনাজিফিকেশন’ বা নাৎসি প্রভাবমুক্ত করার প্রক্রিয়া শুরু করে। এর লক্ষ্য কেবল হিটলারের পতন কিংবা নাৎসি বাহিনীর পরাজয় ছিল না; বরং রাষ্ট্র ও সমাজ থেকে নাৎসিবাদের প্রভাব দূর করে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই প্রক্রিয়ায় তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল—প্রথমত, নাৎসি পার্টি ও এর সহযোগী সংগঠন বিলুপ্ত করা, অপরাধীদের বিচারের আওতায় আনা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে নাৎসি প্রভাব অপসারণ; দ্বিতীয়ত, গণতান্ত্রিক সাংবিধানিক কাঠামো, স্বাধীন বিচারব্যবস্থা ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা; তৃতীয়ত, শিক্ষা ও সামাজিক পুনর্গঠনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলা। ১৯৪৯ সালের পশ্চিম জার্মানির মৌলিক আইন এবং এর ২১ অনুচ্ছেদ গণতন্ত্রবিরোধী রাজনৈতিক দল মোকাবিলায় সাংবিধানিক সুরক্ষার ভিত্তি তৈরি করে। ১৯৫২ সালে দেশটির সাংবিধানিক আদালত নাৎসিবাদী আদর্শের উত্তরাধিকার বহনকারী সোশ্যালিস্ট রাইখ পার্টিকে নিষিদ্ধ করে।

 

তবে জার্মানির অভিজ্ঞতাকে সরলভাবে একটি ঐক্যবদ্ধ জাতির সাফল্য হিসেবে দেখাও ঠিক হবে না। নাৎসিবাদমুক্তির প্রক্রিয়া ছিল জটিল, অসম্পূর্ণ এবং বিভিন্ন দখলদার অঞ্চলে ভিন্ন ভিন্নভাবে পরিচালিত। অনেক সাবেক নাৎসি-পরবর্তী সময়ে আবারও সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফিরে পেয়েছিল। এই অভিজ্ঞতা বরং আমাদের শেখায়, শুধু রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন কিংবা একটি দলের পতন যথেষ্ট নয়; দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহিতা ও গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা জরুরি।

 

বাংলাদেশের ১৯৯০ সালের অভিজ্ঞতাও আমাদের সামনে রয়েছে। এরশাদবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন আটদলীয় জোট, বিএনপি নেতৃত্বাধীন সাতদলীয় জোট এবং বামপন্থি পাঁচদলীয় জোট নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একমত হয়েছিল। ১৯৯০ সালের ১৯ নভেম্বর যৌথ ঘোষণার মধ্য দিয়ে তারা সেই ঐক্য আন্দোলনকে শক্তিশালী করে এবং এরশাদের পতনের পথ তৈরি করে। কিন্তু সেই ঐক্য দীর্ঘ মেয়াদে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংস্কৃতির স্থায়ী ভিত্তি গড়ে তুলতে পারেনি। শুধু তাই নয়, এরশাদের পতনের পর অনুষ্ঠিত সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনে নির্বাচিত সরকারও ঐকমত্যের ভিত্তিতে প্রণীত তিন জোটের রূপরেখা পুরোপুরি বাস্তবায়ন করেনি।

 

সুতরাং বাংলাদেশের এখন যে জাতীয় ঐক্য প্রয়োজন, তা কোনো ব্যক্তি, দল কিংবা সাময়িক রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে গড়ে উঠলে চলবে না। এই ঐক্যের ভিত্তি হতে হবে জনগণের সার্বভৌমত্ব, গণভোটে প্রকাশিত জনরায়, গণতান্ত্রিক জবাবদিহিতা এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার।

রাজনৈতিক সংকট একের পর এক আসবে। আর প্রতিবারই যদি কোনো নির্দিষ্ট সংকটকে সামনে রেখে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়, তাহলে সেই ঐক্য সাময়িক সমঝোতার বাইরে খুব বেশি কিছু দিতে পারবে না। এমনকি ঐক্যের ডাকও একসময় হাসির বস্তু হয়ে যাবে।

বাংলাদেশপন্থীদের মধ্যে অবশ্যই ঐক্য লাগবে। কিন্তু তা হতে হবে রাষ্ট্র সংস্কারকেন্দ্রিক ঐক্য। জনগণের গণরায় বাস্তবায়ন এবং ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পথ বন্ধ করার প্রশ্নে যদি রাজনৈতিক শক্তিগুলো একমত হতে পারে, তাহলেই কেবল এই ঐক্য চলমান সংকট মোকাবিলা করে একটি টেকসই সমাধানের পথে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে।

 

লেখক: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব ম্যানেজমেন্ট, ম্যাকনিস স্টেট ইউনিভার্সিটি, লুইসিয়ানা, ইউএসএ