Image description
মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে দুর্ধর্ষ ডাকাতি
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাত দলের হামলায় ১৫ যাত্রী আহত হয়েছেন। ডাকাতি চলাকালীন লঞ্চের টিকিট মাস্টার নদীতে ঝাপ দেয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫৬মিনিটে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে এমএল রিগ্যান লঞ্চটি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে সংঘবদ্ধ যাত্রীবেশী ডাকাতরা মদনগঞ্জ এলাকায় লঞ্চের মাস্টারকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে লঞ্চটি মুন্সীগঞ্জে না এসে ডাকাতরা গজারিয়ার চর বলাকীতে নিয়ে যায়। এই সময় ডাকাতরা যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা, স্বর্ণালংঙ্কার ছিনিয়ে নেয়। ডাকাতি চলাকালীন ডাকাতদের একটি ইঞ্চিন চালিত নৌকা লঞ্চটিকে অনুসরন করে। ডাকাতি শেষে সেই ইঞ্জিন চালিত নৌকা দিয়েই ডাকাতরা মেঘনা নদীতে চমপট দেয়। রাত পৌনে ৮টার দিকে লঞ্চটি মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে পৌছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ঘটনাটি নারায়ণগঞ্জের বন্দর থানার অধীনে থাকায় তাদের লঞ্চ ডাকাতির বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।