ডিসেম্বর ঘিরে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সারা দেশে চিরুনি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধপ্রবণ এলাকা, নিষিদ্ধ দলের সন্দেহভাজন ব্যক্তিদের গোপন বৈঠকের আস্তানা, মেস, আবাসিক হোটেলসহ বিভিন্ন স্থানে চলছে তল্লাশি। অভিযানে চিহ্নিত অপরাধী, নাশকতাকারী, অবৈধ অস্ত্রধারী ও পলাতক আসামিদের গ্রেপ্তারে গুরুত্ব দেওয়া হচ্ছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম। পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, ডিসেম্বরজুড়ে একটি নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের নাশকতা ঠেকানো এবং ডিসেম্বরে জাতীয় দিবস ও রাজনৈতিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে মাঠ পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কয়েকটি জেলার নিরাপত্তা সমন্বয়ে ইতোমধ্যে ঢাকা রেঞ্জে অতিরিক্ত পুলিশ কর্মকর্তা সংযুক্ত করা হচ্ছে। গাফিলতির কারণে কোনো জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে পুলিশ সুপারকে প্রত্যাহার করা হতে পারে এমন বার্তা গেছে ঊর্ধ্বতন মহল থেকে। একই সঙ্গে পুলিশের ভিতরে আওয়ামী ঘেঁষা কর্মকর্তাদের গতিবিধিও নজরদারিতে রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যেই আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছে একাধিক সূত্র। ঝুঁকিপূর্ণ কোনো ব্যক্তি যাতে দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য কঠোর নজরদারি চলছে সীমান্ত এলাকাতেও।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযানে ঘাপটি মেরে থাকা নিষিদ্ধ দলের নেতা-কর্মী গ্রেপ্তারের সংখ্যা ক্রমেই বাড়ছে। এদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। গত বুধবার রাতে কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ জানায়, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন ডরিন। পরে গতকাল যাত্রাবাড়ী থানার একটি বিস্ফোরক মামলায় তাঁকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার রাতে ধানমন্ডির একটি বাসা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ডিএমপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতা-কর্মীসহ ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, ডিসেম্বরে নিষিদ্ধ সংগঠন কিংবা কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল যাতে নাশকতা, সহিংসতা বা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। জানমালের ক্ষয়ক্ষতি, অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সামগ্রিক বিষয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে পুলিশ। গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত তথ্য বিনিময়, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। উৎসবকেন্দ্রিক জনসমাগম ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে।
একাধিক সূত্র জানিয়েছে, ডিসেম্বরের শুরু থেকেই ঢাকাতে সহিংসতা চালানোর চেষ্টা হতে পারে, এমন গোয়েন্দা তথ্য রয়েছে। এজন্য চিরুনি অভিযানের পাশাপাশি কোথাও নাশকতাকারীরা বিশৃঙ্খলার উদ্দেশ্যে জড়ো হলে তাদের গ্রেপ্তারে তাৎক্ষণিক ব্লক রেইডের প্রস্তুতি নেওয়া হয়েছে। পোশাকশ্রমিকদের আন্দোলনে মিশে যেসব ব্যক্তি নাশকতার চেষ্টা অব্যহত রেখেছে, তাদের গ্রেপ্তারেও অভিযান জোরদার করা হয়েছে। মিরপুর ও উত্তরা এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়ে অতিরিক্ত নিরাপত্তাবলয় গড়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতেও অতিরিক্ত ফোর্স মোতায়েন অব্যাহত রাখা হবে বলে জানা গেছে। পুলিশের সবগুলো ইউনিট ছাড়াও বিজিবি ও আনসার ব্যাটালিয়নকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে বলা হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশন ও নৌপথে নজরদারি বাড়িয়েছে সংশ্লিষ্ট ইউনিট।
ঢাকার ১১ প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ দেড় শতাধিক পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কঠোর তল্লাশি চালানো হচ্ছে। ফ্লাইওভারের প্রবেশমুখেও চলছে পুলিশি তল্লাশি। ঢাকায় নতুন আসা ব্যক্তিদের ওপর চলছে নজরদারি। নিরাপত্তা বাড়ানো হয়েছে কেপিআইভুক্ত স্থাপনায়। বাড়ানো হয়েছে প্যাট্রলিং।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডিসেম্বরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ইতোমধ্যে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে। এর আওতায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার, প্রয়োজনীয় চেকপোস্ট স্থাপন এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ বড় কোনো সহিংসতা করবে এমন কোনো শঙ্কা নেই। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ভ্যবস্থা নেওয়া হবে। এজন্য সব প্রস্তুতি পুলিশের রয়েছে।
সারা দেশে ১৬৮ প্লাটুন বিজিবি ও আনসার মোতায়েন
গতকাল বিজিবি সদর দপ্তর জানিয়েছে, যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আনসার ভিডিপি সদর দপ্তর জানিয়েছে, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, সাতক্ষীরা ও ময়মনসিংহ জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন।