Image description

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহের প্রবাহের দিকে বিনিয়োগকারীদের নিবিড় নজরের মধ্যে সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য কমেছে। তবে ওই অঞ্চলে তেলবাহী জাহাজ ও শোধনাগারে অব্যাহত হামলার ঘটনা তেলের দামে বড় ধরনের পতন ঠেকিয়ে বাজারকে কিছুটা স্থিতিশীল রাখতে সহায়তা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৪৪ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৬০ সেন্ট বা শূন্য দশমিক ৬৫ শতাংশ কমে ৯১ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারের দাম ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৯২ ডলারে নেমে এসেছে। এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম ৫ শতাংশ কমেছিল।

 

পিভিএম-এর বিশ্লেষক তামাস ভার্গা বলেন, মূলত সরবরাহ দিক থেকে আসা চাপের কারণে তেলের বাজারে টানা তৃতীয় সপ্তাহের মতো দরপতন রেকর্ড করা হয়েছে। তবে এখন থেকে বিপুল পরিমাণে এবং কোনও বাধা ছাড়াই তেল সরবরাহ অব্যাহত থাকবে এমন সিদ্ধান্তে পৌঁছানো দায়িত্বজ্ঞানহীন হবে বলে সতর্ক করেন তিনি। তার মতে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর ইরানের হামলা পরিস্থিতির ওপর বড় প্রভাব ফেলছে।