Image description

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান নির্যাতন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

 

শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী।

 

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা রাশেদ ইলিয়াস, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি জাবের কাসেমী, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা আবু বকর সিদ্দিক।

 

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, দেশের স্বার্থ, অর্থনৈতিক স্বাধীনতা ও জনগণের অধিকার ক্ষুণ্ন হয়, এমন কোনো চুক্তি জাতি মেনে নেবে না। তারা দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।

নেতারা মুসলিম উম্মাহর ওপর যে কোনো নির্যাতন এবং দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান।

 

বিক্ষোভ মিছিলে বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা, ছাত্র-জনতা ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে একটি মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।