ইসলামে কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘অতএব তুমি তোমার রবের উদ্দেশে নামাজ আদায় করো এবং কোরবানি করো’ (সুরা কাওসার: ২)। তাই প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী, যে ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন-অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার ওপর কোরবানি ওয়াজিব। (আলমুহিতুল বুরহানি: ৮/৪৫৫, ফাতাওয়া তাতারখানিয়া: ১৭/৪০৫)
কোরবানিকে কেন্দ্র করে প্রতি বছরই মুসলিম সমাজে নানা মাসআলা-মাসায়েল নিয়ে আলোচনা দেখা যায়। এর মধ্যে অন্যতম একটি প্রশ্ন হলো, নারীরা কি নিজের কোরবানির পশু নিজ হাতে জবাই করতে পারবেন? অনেকের ধারণা, পশু জবাই কেবল পুরুষদের কাজ; আবার কেউ মনে করেন, শরিয়তে এ বিষয়ে নারীদের জন্যও সুযোগ রয়েছে।
ইসলামি ফিকহ ও আলেমদের ব্যাখ্যা অনুযায়ী, নারী যদি জবাইয়ের বিধান সম্পর্কে অবগত হন, সঠিকভাবে পশু জবাই করতে সক্ষম হন এবং পর্দা ও শালীনতা রক্ষা করে তা সম্পন্ন করতে পারেন, তাহলে তিনি নিজের কোরবানির পশু নিজেই জবাই করতে পারবেন। বরং নির্দিষ্ট শর্তসাপেক্ষে সেটিকে উত্তমও বলা হয়েছে।
এ বিষয়ে রাজধানীর জামিয়া ইসলামিয়া বায়তুস সালামের (মিরপুর-১২) সিনিয়র মুফতি আবদুর রহমান হোসাইনী কালবেলাকে বলেন, যদি কোনো মহিলা পশু জবাই করার বিধান সম্পর্কে জ্ঞাত হযন এবং ভালোভাবে পশু জবাই করতে পারেন, পাশাপাশি যেখানে পশু জবাই করবেন সেখানে পর্দা লঙ্ঘন না হয়, তাহলে ওই মহিলার জন্য নিজের কোরবানির পশু নিজেই জবাই করা উত্তম। (আদ্দুররুল মুখতার: ৬/৩২৮, আল বিনায়া: ১২/৬১, ফাতাওয়া কাসিমিয়্যাহ: ২২/১৬৯)