Image description
ওয়াশিংটনে বর্তমানে সবচেয়ে চাহিদাসম্পন্ন আবাসনগুলোর বয়স এক শতাব্দীরও বেশি। এগুলো অত্যন্ত সুরক্ষিত ও ব্যক্তিগত। প্রবেশ নিয়ন্ত্রিত ফটকের পেছনে এবং আক্ষরিক অর্থেই যুক্তরাষ্ট্রের রাজধানীর বাকি অংশ থেকে বেড়া দিয়ে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এসব বাড়ি।
 
জেনারেল ও সামরিক বাহিনীর অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের থাকার জন্য তৈরি এসব বাড়িতে এখন বসবাস করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার কয়েকজন সদস্য। তারা বলছেন, শহরের অন্য যেকোনো জায়গার তুলনায় সেখানে বসবাস করেই তারা বেশি নিরাপদ বোধ করেন।
 
ট্রাম্প প্রশাসনের এখন প্রায় ছয়জন সদস্য ওয়াশিংটন ডিসির সামরিক আবাসনে বসবাস করছেন। অতীতের প্রেসিডেন্টদের আমলে জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তাদের সেখানে বসবাস করা বিরল ঘটনা ছিল। সেই বিবেচনায় বর্তমান সংখ্যাটি ঐতিহাসিকভাবে অনেক বেশি।
 
তবে দেশের অভ্যন্তরে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি এবং বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে নতুন হুমকি তৈরি হওয়ায় বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তার জন্য শীর্ষ কর্মকর্তাদের সামরিক সুরক্ষিত স্থাপনায় বসবাসের প্রবণতা ভবিষ্যতের প্রশাসনগুলোতেও অব্যাহত থাকতে পারে, তা রিপাবলিকান বা ডেমোক্র্যাট যে দলেরই হোক না কেন।
রাজনৈতিক সংবাদ
 
চলতি মাসে সিএনএন জানিয়েছে, ওয়াশিংটনে তথাকথিত ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র বিস্ফোরণের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে ইরান।
 
তবে এর ফলে হারিয়ে যাচ্ছে একটি গণতান্ত্রিক ঐতিহ্য—বেসামরিক নেতাদের সাধারণ মানুষের সঙ্গে বসবাসের রীতি।
 
ওয়াশিংটনে নিজের ছাপ রাখতে কাজ করছেন ট্রাম্প। শহরটিকে অনিরাপদ মনে করে তিনি সেখানে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করেছেন, হোয়াইট হাউসে বিশাল নতুন বলরুম নির্মাণের উদ্যোগ নিয়েছেন এবং একটি সরকারি গলফ কোর্সের পুনর্নির্মাণ করছেন। কিন্তু এর মধ্যে বিদ্রূপের বিষয় হলো, তার প্রশাসন আগের যেকোনো প্রশাসনের তুলনায় শহর থেকে বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
 
আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক থমাস কান বলেন, ‘এ ধরনের দায়িত্বে থাকলে তারা এমনিতেই একধরনের বুদ্‌বুদের মধ্যে বসবাস করেন। কারণ, তাদের নিরাপত্তার জন্য বিশেষ দল থাকে এবং এক অনুষ্ঠান থেকে আরেক অনুষ্ঠানে কিংবা নিজেদের বাড়িতে তাদের দ্রুত নিয়ে যাওয়া হয়। কিন্তু এখন পরিস্থিতি আরও নাটকীয়। তারা এমনকি আমাদের বেশির ভাগ মানুষের মতো পাড়াতেও বসবাস করছেন না।’
 
কান আরও বলেন, ‘এর ফলে সরকারি কর্মকর্তাদের বিচ্ছিন্নতা বাড়ছে বা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক।’
 
ওয়াশিংটন ডিসিতে অপরাধ কমে আসার বিষয়টি তুলে ধরে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ‘নিরাপত্তা-সংক্রান্ত সুনির্দিষ্ট হুমকির কারণে মন্ত্রিসভার এসব কর্মকর্তার অনেকেই শহরের ভেতরে বসবাস করতে পারছেন না। তবে রাজধানীকে নিরাপদ ও সুন্দর করে তুলতে প্রশাসনের প্রচেষ্টায় তারা ব্যক্তিগতভাবে অবদান রেখেছেন।’
 
তারপরও এসব আবাসন ব্যবস্থা নিয়ে কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতার মধ্যে প্রশ্ন উঠেছে। সামরিক আবাসনে বসবাসকারী রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বিষয়ে আগামী বসন্তের মধ্যে হাউস আর্মড সার্ভিসেস কমিটিকে প্রতিবেদন দিতে হবে পেন্টাগনকে। এসব কর্মকর্তার সেখানে যাওয়ার পেছনে যেসব হুমকি কাজ করেছে, এ ধরনের আবাসনের আইনি ভিত্তি এবং ভাড়ার খরচও প্রতিবেদনে উল্লেখ করতে হবে।
 
 
ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি জর্জ হোয়াইটসাইডস হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে এই প্রতিবেদন তৈরির প্রস্তাব অনুমোদন করিয়েছেন। তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে বসবাস করছেন কি না এবং তারা ন্যায্য বাজারদর অনুযায়ী ভাড়া দিচ্ছেন কি না, তা নিশ্চিত করতে তদন্ত করা প্রয়োজন।’
 
ট্রাম্প প্রশাসনের সর্বশেষ যে মন্ত্রিসভার সদস্য সামরিক আবাসনে উঠেছেন বলে জানা গেছে, তিনি হলেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সম্প্রতি জর্জটাউনে নিজের প্রাসাদোপম বাড়ি ছেড়ে ওয়াশিংটনের একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে উঠেছেন তিনি।
 
চলতি মাসের শুরুর দিকে সিএনবিসির ‘স্কোয়াক বক্স’ অনুষ্ঠানে বেসেন্ট বলেন, নিজের জীবনের ওপর ইরানের হুমকির কারণে তাকে এই পরিবর্তন আনতে হয়েছে। ইরানের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে অর্থনৈতিক চাপ তৈরির প্রচারণায় নেতৃত্ব দিয়েছেন তিনি।
 
বেসেন্ট বলেন, ‘ইরানের নেতৃত্বের প্রতি আমার ধিক্কার। আমি ভীত হব না। তারা আমার এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের বিরুদ্ধে হত্যার হুমকি দিয়েছে। আমরা ভীত হব না।’
 
 
নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকেও সম্প্রতি একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন। তার পূর্বসূরি পাম বন্ডিও গত বছর একটি সামরিক ঘাঁটিতে বসবাস করতেন।
 
বিদেশি হুমকির কারণে কিছু কর্মকর্তা সুরক্ষিত আবাসনে উঠেছেন। অন্যরা আবার রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যার পর এবং তাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য অন্যান্য হুমকি বেড়ে যাওয়ায় দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
রাজনৈতিক সংবাদ
 
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তার স্ত্রী কেটি তাদের চার সন্তানকে নিয়ে গত বছর ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে সামরিক আবাসনে ওঠেন। তাদের বাড়ির বাইরে এক নারী বিক্ষোভ করার পাশাপাশি বাড়ির ঠিকানা উল্লেখ করে লিফলেট বিতরণ করেছিলেন।
 
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, ‘মিলার দম্পতি তাদের বাসস্থানকে লক্ষ্য করে চালানো সুপরিকল্পিত ও নথিভুক্ত অনুসরণ, ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং হুমকির প্রচারণার কারণে অন্যত্র চলে গেছেন।’
 

 

আবাসনের খরচ
গত বছর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সমালোচনার মুখে পড়েন। আইনপ্রণেতারা জানতে পারেন, ফোর্ট ম্যাকনেইরে তার বাসভবনের মেরামত ও উন্নয়নের জন্য সেনাবাহিনী ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার খরচ করার প্রস্তুতি নিচ্ছে।
 
কর্মকর্তাদের এসব আবাসনের জন্য ভাড়া দিতে হয়। বাড়ির ধরন অনুযায়ী সাধারণত মাসে ৪ হাজার ৫০০ ডলারের বেশি ভাড়া দিতে হয়। ভাড়ার হার আংশিকভাবে নির্ধারিত হয়েছে জর্জ ডব্লিউ বুশ এবং পরে বারাক ওবামার প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের তৈরি করা একটি নজিরের ভিত্তিতে।
 
সামরিক আবাসনে বসবাসকারী প্রথম প্রতিরক্ষামন্ত্রী ছিলেন গেটস। নেভি হিল এলাকায় পররাষ্ট্র দপ্তরের পাশে অবস্থিত ১৯ শতকের ঐতিহাসিক ও প্রশস্ত একটি বাড়িতে তিনি থাকতেন।
 
সে সময়ের কেন্দ্রীয় আইন অনুযায়ী, কোনো বেসামরিক ব্যক্তি সামরিক ঘাঁটির আবাসন ভাড়া নিলে তাকে স্থানীয় এলাকায় সামরিক ঘাঁটির বাইরে একই ধরনের বাড়ির ন্যায্য বাজারদরের সমান ভাড়া দিতে হতো। এ নিয়মে গেটসের মাসিক ভাড়া দাঁড়িয়েছিল ৬ হাজার ৫০০ ডলারের বেশি।
 
২০০৮ সালে পেন্টাগন ভাড়া কমানোর জন্য আইনে পরিবর্তন আনার প্রস্তাব দেয়। তাদের যুক্তি ছিল, সামরিক আবাসনে বসবাস করলে আগে থেকেই থাকা সামরিক ঘাঁটির নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করা যায়। ফলে বেসামরিক ব্যক্তির ব্যক্তিগত বাসভবনে নিরাপত্তাব্যবস্থা স্থাপন ও সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী রাখার খরচ বেঁচে যায়। এতে করদাতাদের অর্থ সাশ্রয় হয়।
 
কংগ্রেস এতে সম্মতি দেয়। এরপর থেকে গেটস এবং তার পরবর্তী প্রতিরক্ষামন্ত্রীরা চার তারকা জেনারেল বা অ্যাডমিরালের দেওয়া ভাড়ার চেয়ে মাত্র ৫ শতাংশ বেশি ভাড়ায় সামরিক আবাসন ভাড়া নেওয়ার সুযোগ পান।
 
গেটস চেয়েছিলেন, তার উত্তরসূরিরাও একই সুবিধা গ্রহণ করবেন। তবে ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া জিম ম্যাটিসের আগে মন্ত্রিসভার আর কোনো সদস্য নৌবাহিনীর আবাসনে ওঠেননি।
 
২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই নৌবাহিনীর আবাসনে থাকার বিষয়ে খোঁজ নিয়েছিলেন। তবে নৌবাহিনী বিষয়টিকে ‘তথ্যগত, আইনি, আর্থিক ও নৈতিক সমস্যা’র কারণে ‘সমস্যাজনক’ বলে বিবেচনা করে। নৌবাহিনীর একটি অভ্যন্তরীণ স্মারকলিপিতে এ তথ্য উল্লেখ করা হয়েছিল, যা আগে সিএনএনকে দেওয়া হয়েছিল।
 
স্মারকলিপিতে বলা হয়, এ অনুরোধের ফলে ‘অনিয়মের আশঙ্কা’ তৈরি হতে পারে। কারণ, আবাসন সংকটের মধ্যে একজন বেসামরিক পররাষ্ট্রমন্ত্রীর জন্য সামরিক পোশাকধারী কোনো সদস্যকে আবাসন থেকে সরিয়ে দিতে হতে পারে। সে সময় নৌবাহিনীর ফ্ল্যাগ পর্যায়ের কর্মকর্তাদের জন্য আবাসনের অপেক্ষমাণ তালিকাও ছিল।
 
শেষ পর্যন্ত পম্পেও সামরিক আবাসনেই বসবাস করেন। তবে তিনি ভার্জিনিয়ার ফোর্ট মায়ার ঘাঁটিতে থাকতেন।
 
গোল্ডেনডুডল ও বিড়াল
আট বছর আগে যে বিষয়টিকে সম্ভাব্য ‘সমস্যাজনক’ বলে বিবেচনা করা হয়েছিল, এখন তা অনেকটা প্রবণতায় পরিণত হয়েছে। হোয়াইট হাউসে ট্রাম্পের বর্তমান মেয়াদে তার প্রশাসনের আরও জ্যেষ্ঠ কর্মকর্তারা সুরক্ষিত আবাসনে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন।
 
মিলার দম্পতি ফোর্ট ম্যাকনেইর ঘাঁটিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হেগসেথের প্রতিবেশী হিসেবে বসবাস করেন। তাদের বাড়িগুলো ‘জেনারেলস রো’ নামে পরিচিত। সাধারণত উচ্চপদস্থ জেনারেলদের জন্য সংরক্ষিত এসব বাড়ি নিয়ে গঠিত সামরিক স্থাপনাটি পটোম্যাক ও অ্যানাকোস্টিয়া নদীর মিলনস্থলের একটি উপদ্বীপে অবস্থিত।
 
চলতি বছরের শুরুর দিকে কেটি মিলারের পডকাস্টে অংশ নিয়ে রুবিও ও তার স্ত্রী একটি ঘটনার কথা জানান। তাদের একটি গোল্ডেনডুডল কুকুর ভুল করে হেগসেথের বাড়ির সামনের দরজা দিয়ে ঢুকে পড়েছিল।
রুবিও বলেন, ‘এর উল্টো দিকও আছে। পিটের একটি বিড়াল প্রায়ই এমন করে। রাতে বাড়ি ফিরে দেখি, বিড়ালটি আমার বারান্দায় বসে আছে। আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকে, যেন বলছে, তুমি এখানে কী করছ?’
 
তিনি আরও বলেন, ‘বিড়ালটি আমার বারান্দায় বসে এমন ভাব করে, যেন আমিই তার বাড়িতে ঢুকে পড়েছি। অথচ আমি বলি, না, তোমার বাড়ি তো দুই দরজা পরেই।’
 
ফোর্ট ম্যাকনেইর ঘাঁটি পরিদর্শন করা কান জায়গাটিকে ‘নিজস্ব একটি জগৎ’ হিসেবে বর্ণনা করেছেন। সেখানে একটি দোকান রয়েছে। একসময় ওয়াশিংটনের সেরা টেনিস কোর্টও ছিল সেখানে।
 
কান বলেন, ‘সেখানে পরিবেশটা অবাস্তব মনে হয়। কারণ, জায়গাটি পুরোপুরি দেয়াল দিয়ে ঘেরা।’
 
তিনি আরও বলেন, ‘দুঃখজনকভাবে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দিন দিন বাড়ছে। এটি তাদের বিচ্ছিন্নতা এবং স্বাভাবিক সমাজ থেকে দূরে সরে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। আমার মনে হয়, দুর্ভাগ্যজনকভাবে ভবিষ্যতে আমরা এ ধরনের প্রবণতা আরও দেখতে পাব।’
 
তবে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। এর আগে ওয়াশিংটনের সামরিক আবাসনে বসবাস করা প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেছেন, কিছু আবাসন প্রশস্ত হলেও সেখানে ‘বিলাসিতার কিছুই ছিল না’।
 
ওই কর্মকর্তা বলেন, ‘এটুকু বলা যায়, বাড়িটির বয়স ছিল এক শতাব্দী। আসলে এটি ছিল সামরিক আবাসন। থাকার উপযোগী ছিল, এই যা।’