বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের তকমা জাহির করা ভারতে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় আচার পালন দিন দিন কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি ভারতে রাস্তায় নামাজ আদায় করায় এক মুসল্লিকে আটক করেছে পুলিশ। দেশটির উত্তর প্রদেশের ব্যস্ত সড়কের নামাজ পড়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে আটক করে। এ ঘটনাকে ঘিরে ধর্মীয় কর্মকাণ্ড ও জনশৃঙ্খলা দুটি বিষয়ই নতুন করে আলোচনায় এসেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি সড়কের নামাজ পড়ছেন, এতে যানবাহনের গতি কমে যায় এবং আশপাশে লোকজন জড়ো হন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ বিষয়টি আমলে নিয়ে জনসমাগমস্থলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে তাকে আটক করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার অনুরাগ সিং বলেন, সিভিল লাইনস এলাকার একটি ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি সড়কের নামাজ পড়ছেন। এর ভিত্তিতে থানায় মামলা করা হয়েছে। তাকে হেফাজতে নেয়া হয়েছে এবং জেলে পাঠানো হচ্ছে।
পুলিশ জানান, তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়,নামাজ চলাকালে মোড়ে অনেক মানুষ জড়ো হয়, যার ফলে সাময়িকভাবে স্বাভাবিক যান চলাচলে প্রভাব পড়ে।
এলাহাবাদ হাইকোর্ট সাম্প্রতিক রায়ে জানিয়েছে, সড়কে নামাজ পড়লে পুলিশি ব্যবস্থা নেয়া যেতে পারে, কিন্তু ব্যক্তিগত স্থানে নামাজ আদায়ে সরকারি অনুমতির প্রয়োজন নেই এবং এটি ধর্মীয় স্বাধীনতার আওতায় সুরক্ষিত।
রায়ে আরও বলা হয়, ধর্মীয় কার্যক্রম যদি জনসাধারণের সড়কে ছড়িয়ে পড়ে, তাহলে কর্তৃপক্ষ হস্তক্ষেপ করতে পারে। তবে ব্যক্তিগত স্থানে শান্তিপূর্ণ ইবাদতে বাধা দেয়া যাবে না।
শীর্ষনিউজ