আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করে গেছেন।
তিনি বলেন, এই ভিত্তিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, নারীশিক্ষা প্রসারে খালেদা জিয়ার নেওয়া নানা উদ্যোগ দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে এবং এ কারণে তিনি বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছেন। নারীর অধিকার সুরক্ষায় বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ডসহ নানা পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় এসব উদ্যোগের ধারাবাহিকতায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এ সম্মাননা তার পক্ষে গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দৃঢ় নেতৃত্ব দেওয়া এবং দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে বলে জানানো হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. জোবায়দা রহমান। তিনি বলেন, নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও বেগম খালেদা জিয়া অটল থেকেছেন এবং সংগ্রাম চালিয়ে গেছেন। তার মতে, নারীরা এগিয়ে গেলে দেশও এগিয়ে যায়। বাংলাদেশকে এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি, যেখানে সব নারী নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবেন। একই সঙ্গে নারী দিবসকে সাম্য, ন্যায় ও ন্যায্যতার অঙ্গীকার হিসেবে পালনের আহ্বান জানান তিনি।