Image description

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিনের বিরুদ্ধে ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে বাদাঘাট বাজারে আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা ।

বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, ডাচ বাংলা এজেন্ট ব্যাংক বাদাঘাট শাখার স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন বাজারে যাওয়ার পথে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে দেলোয়ারকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। খবর পেয়ে বাদাঘাট বণিক সমিতির সভাপতি নজরুল শিকদার ও বড়দল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আফতাবের বাড়ি থেকে তাকে উদ্ধার করেন। পরে থাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিলেটের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার না করলে ব্যবসায়ীরা আন্দোলনের ডাক দিবেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম শিকদার, সমাজকর্মী ও লেখক আবুল হোসেন, তাহিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, বড়ছড়া কয়লা আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক সবুজ আলম, বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ বাজারের ব্যবসায়ীরা।