জামালপুরে স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে হত্যার পর পোড়ানোর চেষ্টার ঘটনায় আইনজীবী স্বামী হোসেন তাইফুরের নামে মামলা হয়েছে।
মামলা হওয়ার পর শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে দুপুরে জামালপুর সদর থানায় তার নামে হত্যা মামলা করেন নিহত তানিয়ার ভাই মো. তৌকির।
পরিবারের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে ঝগড়ার জেরে ধারালো অস্ত্রসহ বিভিন্ন জিনিস দিয়ে আঘাত করে তাহমিনাকে হত্যা করেন তাইফুর। পরে বিছানায় লাশ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। এমন সময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। পুলিশ লাশ উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় তাইফুরকে আটক করে নিয়ে যায় পুলিশ।
পরিবার জানায়, ১৫ বছর আগে বিয়ে হয় তাহমিনা ও তাইফুরের। তাদের একটি ছেলে ও একটি মেয়েসন্তান রয়েছে। ঘটনার সময় তারা নানাবাড়িতে ছিল।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, তানিয়ার ভাই তৌকির মামলা করেছেন। মামলায় হত্যাসহ বিভিন্ন পারিবারিক অভিযোগ তুলে ধরা হয়। এতে শুধু তাইফুরকে আসামি করা হয়েছে।