Image description

নড়াইলে একটি শপিংব্যাগ থেকে আনুমানিক ছয় মাস বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কালনা-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের যশোর-কালনা মহাসড়কের মালিবাগ মোড়ে একটি শপিংব্যাগ পড়ে থাকতে দেখেন পথচারীরা। সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ব্যাগটি খুলে একটি শিশুর মরদেহ দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, শপিংব্যাগ থেকে আনুমানিক ছয় মাস বয়সি একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

ওসি জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।