ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সব ভারতীয়কে বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো পরিবহন ব্যবস্থায় ইরান ত্যাগ করতে বলা হয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর।
এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস জানায়, ‘ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের পাসপোর্ট ও অন্যান্য ভ্রমণসংক্রান্ত কাগজপত্র সবসময় প্রস্তুত রাখতে হবে। প্রয়োজনে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে।’
এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) ইরানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল। তখন দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে ওই নির্দেশনা দেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে ইরানে নতুন করে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার মধ্যে দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ছে। ইরান সতর্ক করেছে, হামলা হলে পাল্টা আঘাত হানবে তেহরান।
দূতাবাসের সর্বশেষ নির্দেশনায়, ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূতদের (পিআইও) বিক্ষোভস্থল এড়িয়ে চলা, সতর্ক থাকা এবং পরিস্থিতি সম্পর্কে সংবাদ পেতে স্থানীয় গণমাধ্যম অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।