Image description

আদালতে আত্মসমর্পণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলার সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির হলে তালুকদার ইউনুসের জামিন আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক এসএম শরীয়াতুল্লাহ। তবে জামিন মঞ্জুর হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আদালতের সরকারি কৌঁসুলিরা।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী লেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। ওই মামলায় আত্মসমর্পণ করেন তালুকদার ইউনুস।

 

মামলায় তালুকদার ইউনুস ছাড়াও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীরসহ ২১০ জনকে আসামি করা হয়।

 
 

 

তালুকদার ইউনুসের আদালতে আত্মসমর্পণের ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে জামিন পাওয়ার পর তালুকদার ইউনুস কারও সঙ্গে কথা না বলে মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।