২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় ঝাড়ু হাতে নিয়ে হাসপাতালের বিভিন্ন অংশ পরিষ্কার করতে দেখা যায় তাকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৩ আসন থেকে নির্বাচিত হন তিনি।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম উপস্থিত ছিলেন।
এ সময় গণমাধ্যমকে মুফতি আমির হামজা বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এখানে বিদ্যমান নানা সংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, শুধু বাহ্যিক পরিচ্ছন্নতা নয়, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদেরও দায়িত্বশীল হতে হবে। জনগণ যাতে সঠিক ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করতে হবে।