পবিত্র রমজান মাসের রাতের বিশেষ ইবাদত হলো তারাবিহ নামাজ। এশার নামাজের পর দুই রাকাত করে সর্বমোট ২০ রাকাত পর্যন্ত এই নামাজ আদায় করা হয়। তারাবিহ সুন্নত হলেও রাসুলুল্লাহ (সা.) ও সাহাবায়ে কেরাম রমজানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তা আদায় করতেন। সে ধারাবাহিকতায় মুসলিমরাও এ নামাজ গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করেন।
তবে দেখা যায়, সুন্নত হওয়ায় কেউ কেউ তারাবিহ নামাজকে তেমন গুরুত্ব দেন না। আবার অনেকে ৮ রাকাত আদায় করেই মসজিদ ত্যাগ করেন। এমন মুসল্লিদের উদ্দেশে গুরুত্বসহ ২০ রাকাত তারাবিহ আদায়ের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় দাঈ আলেম মাওলানা তারিক জামিল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় তিনি বলেন, রমজানে অনেকে তারাবিহ পড়েন না। ইফতারে অতিরিক্ত আহারের কারণে শরীর ভারী হয়ে যায়। আবার কেউ কেউ ৮ রাকাত পড়ে মসজিদ থেকে বের হয়ে যান। তিনি প্রশ্ন রাখেন— বাইরে গিয়ে তাদের আসলে কী কাজ থাকে? বছরে একবারই পুরো কোরআন খতম শোনার সুযোগ আসে, অথচ আমরা সে সুযোগও কাজে লাগাই না। ৮ রাকাত পড়ে এমনভাবে মসজিদ ছাড়ি যেন তাড়াহুড়া করে চলে যাচ্ছি। এতে ক্ষতি নিজেরই হয়।
তিনি আরও বলেন, ৮ রাকাত পড়ে চলে গেলে গুনাহ হয় না, তবে সওয়াবের দিক থেকে বড় ক্ষতি হয়। রমজানে প্রতিটি ফরজ, সুন্নত ও নফল নামাজে অগণিত সওয়াব নিহিত রয়েছে। কেউ যদি ২০ রাকাত তারাবিহ আদায় করেন, তবে প্রতিটি রুকু, সিজদা ও বৈঠকের বিনিময়ে অসংখ্য সওয়াব লাভ করবেন। কিন্তু ৮ রাকাত পড়ে চলে গেলে এই বিপুল সওয়াব থেকে বঞ্চিত হতে হয়।