সাংবাদিক-কর্মচারীদের অনাস্থার মুখে কার্যালয় থেকে বের হয়ে গেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। বুধবার বিকালে রাজধানীর পল্টনে বাসস কার্যালয়ে তার বিরুদ্ধে অনাস্থা এনে বিক্ষোভ প্রদর্শনের এ ঘটনা ঘটে। পরে এ বিষয়ে ফেসবুক পোস্টে মাহবুব মোর্শেদ ‘মব তৈরি করে’ তাকে ‘অপসারণের’ জন্য চাপ তৈরির অভিযোগ আনেন।
বাসসের কয়েকজন সাংবাদিক বলেন, ‘এদিন বাসস কার্যালয়ে দুপুরের দিকে সাংবাদিক-কর্মচারীরা একটি অংশ মিটিং করেন। তারা নানা অভিযোগ তুলে এমডি ও প্রধান সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে তারা মাহবুব মোর্শেদের কক্ষে গিয়ে বিক্ষোভ দেখান। এমডিকে বের হয়ে যেতে চাপও দেওয়া হয় তখন। সেখানে এ নিয়ে বাকবিতণ্ডাও হয়। একপর্যায়ে তিনি বের হয়ে যেতে বাধ্য হন।’
মাহবুব মোর্শেদ এ ঘটনার পর বুধবার আর কার্যালয়ে ফিরে আসেননি বলে জানা যায়।
বাসসের শ্রমিক সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক রহিম উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি (মাহবুব মোর্শেদ) দায়িত্ব নেওয়ার পর থেকে সবার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। পদোন্নতির ক্ষেত্রে পক্ষপাতিত্ব করতেন। তিনি নিজেকে মহা ক্ষমতাধর মনে করতে শুরু করেছিলেন৷
‘আজকের (বুধবার) বৈঠকের সিদ্ধান্ত তাকে জানিয়ে বলা হয়, আপনাকে কেউ পছন্দ করে না, ফলে আপনার অধীনে কেউ কাজ করবে না। এটি জানানোর পর তিনি অফিস ছেড়ে চলে যান। পরে আর ফিরে আসেননি। আমরা অনাস্থা দেখিয়েছি। পদত্যাগ করবেন কি করবেন না সেটা তার সিদ্ধান্ত৷’
প্রসঙ্গত, মাহবুব মোর্শেদকে ২০২৪ সালের ১৮ আগস্ট দুই বছর মেয়াদে বাসসের এমডি ও প্রধান সম্পাদক করে অন্তর্বর্তী সরকার। এ সরকারের মেয়াদ শেষের পরদিনই এ ঘটনা ঘটলো।
এ বিষয়ে মাহবুব মোর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বহিরাগত বেশ কিছুসংখ্যক লোকের সঙ্গে সাংবাদিক ও কর্মচারীদের একটি অংশ জোর করে আমার রুমে ঢুকে পড়ে এবং আমাকে নানান রকম হুমকি-ধামকি প্রদর্শন করে। তারা আমাকে বের হয়ে যেতে বলছিল বারবার। এরমধ্যেই অফিসের নানান কক্ষে তারা তালা ঝুলিয়ে এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি করে৷ কয়েকজন মারমুখী হয়ে তেড়ে আসে। এই অবস্থায় আমি বাধ্য হয়ে অফিস ত্যাগ করি।’