ঢাকার ধানমণ্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের তিন সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল আহমেদ জিন্নাহ।
কারাগারে যাওয়া আসামিরা হলেন—মিরপুর গভর্নমেন্ট রুপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. সাকিব, নোয়াখালীর হাতিয়া ডিগ্রি কলেজের মো. জিহাদুল ইসলাম জিহাদ ও বরিশালের রুপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান রিফাদ।
মামলার নথি থেকে জানা গেছে, গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে আসামিদেরকে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই ইকবাল আহমেদ জিন্নাহ।
আবেদনে বলা হয়, আসামিদের মামলার ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে এবং প্রাথমিক তদন্তে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য বলে জানা যাচ্ছে। তারা ঘটনাস্থল থেকে মিছিল নিয়ে অন্তর্বর্তী সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে যড়যন্ত্রের চেষ্টা করেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে।
শীর্ষনিউজ