"ভোটের আগেই রেজাল্ট শিটে দাঁড়িপাল্লার এজেন্টের সই!" এরকম শিরোনামের একটি যমুনা টিভি, দেশ টিভি, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, জনকণ্ঠ, ভোরের কাগজ, এবং বাংলা ট্রিবিউনসহ অনেক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে, ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদরের আংশিক) একটি ভোটকেন্দ্র থেকে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নং কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
তবে যাচাইয়ে দেখা যায়, খবরটির খণ্ডিত চিত্র উল্লেখিত সংবাদমাধ্যমগুলোতে এসেছে, যা বিভ্রান্তি তৈরি করেছে।
প্রকৃতপক্ষে, ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ পৌরসভার ৫ নং কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে শুধু দাড়িপাল্লার এজেন্ট একা সই করেননি বরং ধানের শীষের এজেন্টও সই করেছেন। মূলত দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারই আগে সই নিয়েছেন।
কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য পূর্ণাঙ্গ চিত্র তাদের রিপোর্টে তুলে ধরেছে।
যেমন, জাগো নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, রাতেই কালীগঞ্জ উপজেলার ছলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে আসেন ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতীকের এক পোলিং এজেন্ট। এসময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার জেসমিন আরা তাকে দিয়ে আগে থেকেই ফাঁকা রেজাল্ট শিটে সই করে নেন। এরপর দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট এসে সাতটি রেজাল্ট শিটে সই করেন।
একই খবর প্রকাশ করে দৈনিক দেশ রূপান্তর। "কালীগঞ্জে বিএনপি-জামায়াতের পোলিং এজেন্টের স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ" শিরোনামের খবরেও বলা হয়, সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। তিনি জানান, তিনি বিষয়টি বুঝতে পারেননি। পরে ভুল বুঝতে পেরে ব্যালটগুলো ছিঁড়ে ফেলা হয়েছে।"
দেশ রূপান্তর-এর প্রতিবেদন মতে, এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা সাংবাদিকদের বলেছেন, "সাধারণত নিয়ম রয়েছে ভোট গণনার শেষে এজেন্টরা রেজাল্ট শিটে সই করবেন। কিন্তু প্রিসাইডিং অফিসার আগে থেকেই সেটি করিয়েছেন, যা সঠিক হয়নি। আমরা ওই রেজাল্ট শিট জব্দ করেছি। একইসঙ্গে প্রিসাইডিং অফিসারকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।"
অবশ্য পরে খণ্ডিত চিত্র তুলে ধরে শিরোনাম করা একাধিক সংবাদমাধ্যম তাদের শিরোনাম পরিবর্তন করেছে।