কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া চট্টগ্রামের মিরসরাই উপজেলার দশম শ্রেণির ছাত্রী পূজা রানী দাসকে অবশেষে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের পাঁচ দিন পর নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ নিঝুমদ্বীপে তার সন্ধান মেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, অপরাধীরা পূজাকে নিঝুমদ্বীপের একটি দুর্গম ও নির্জন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। সেখানে অসহায় অবস্থায় থাকা শিক্ষার্থীটি সুযোগ পেয়ে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে নিজের অবস্থার কথা জানায় এবং সাহায্যের জন্য আকুতি করে।
এর আগে গত রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৭৫ জন শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষা সফরের উদ্দেশ্যে কক্সবাজারে যান। সফর শেষে সোমবার (২ ফেব্রুয়ারি) ফেরার পথে পূজাকে আর খুঁজে পাওয়া যায়নি। সহপাঠী ও শিক্ষকরা তাকে না পেয়েই মিরসরাই ফিরে আসেন।
ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করলেও পরিবার অভিযোগ করেছে, এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা হয়নি। পূজার বাবা অপু দাস বলেন, শিক্ষা সফরে নেওয়ার সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। নিখোঁজ হওয়ার পরও প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত কেউ পরিবারের পাশে দাঁড়াননি; বরং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।