নির্বাচন কমিশন তারুণ্যকে ভয় পায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, ‘তারা তারুণ্যকে ভয় পায় বলেই বিএনপির অভিযোগের ভিত্তিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব থেকে বিএনসিসি ক্যাডেটদের বাদ দিয়েছে।’
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর শাহবাগের শহিদ ওসমান হাদী চত্বরে দেশের ৫ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ঢাকা বিভাগীয় গণজমায়েতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাদিক কায়েমে বলেন, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপন্ন করার জন্য কালচারাল ফ্যাসিস্ট ও আধিপত্যবাদের দোসর সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমরা যখন সারাদেশে জুলাই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছি, সে সময় ডিপস্টেটের একটা অংশ, মিডিয়ার একটা অংশ, ফ্যাসিস্টদের একটা অংশ, দিল্লির তাবেদারদের না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।’
তিনি বলেন, ‘যারা হাসিনাকে ফ্যাসিবাদী হয়ে উঠতে সহযোগিতা করছে সেই জাতীয় পার্টি এখন ‘না’ এর পক্ষে ক্যাম্পেইন করছে। এই জিএম কাদেররা বাংলাদেশে ভারতের এজেন্ট। গত ১৬ বছরের অপকর্মের জন্য জিএম কাদের ও জাতীয় পার্টিকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের বলেন, ‘আমরা সবসময় বলি হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার তার প্রেতাত্মা এখনো এ দেশে রয়ে গেছে। যে সিস্টেম তাকে স্বৈরাচার বানিয়েছিলো সেই সিস্টেম এখনো রয়ে গেছে। ইন্টেরিম এই সিস্টেম ভাঙতে পারেনি। কিন্তু গণভোটে হ্যাঁ দেওয়ার মাধ্যমে এই সিস্টেমকে ভাঙার একটা সুযোগ আমাদের সামনে এসেছে।’