Image description

অবৈধ আর্থিক প্রবাহ প্রতিরোধ এবং পাচারকৃত সম্পদ দেশে ফেরত নিশ্চিত করতে জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। উল্লেখ করা হয় যে, এসব সম্পদ জাতীয় উন্নয়ন ও জনগণের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর আর্থিক সততা বিষয়ক বিশেষ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ‘২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান জনজীবনে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি মানুষের মনে নতুন প্রত্যাশা জাগ্রত করেছে।’ তিনি আরও উল্লেখ করেন যে, তথাকথিত ‘মেগা প্রকল্প’গুলো সাধারণ মানুষের জন্য খুব সীমিত সুফল বয়ে আনে, বরং সেগুলো দুর্নীতির সুযোগ সৃষ্টি করে এবং জনসাধারণের অর্থ বিদেশের নিরাপদ আশ্রয়ে পাচারের পথ খুলে দেয়।

তিনি এসব সম্পদ পুনরুদ্ধার করে বৈধ মালিকদের কাছে ফেরত দেয়ার লক্ষ্যে স্বচ্ছতার ভিত্তিতে সংশ্লিষ্ট তথ্যের যথাযথ আদান-প্রদান নিশ্চিত করা, কার্যকর অংশীদারিত্ব জোরদার করা এবং এ বিষয়ে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

গত বছর জুন মাসে স্পেনে অনুষ্ঠিত উন্নয়ন অর্থায়ন বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের ফলাফলকে ঐতিহাসিক আখ্যায়িত করে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ‘এই রাজনৈতিক অগ্রগতিকে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে পুনরুদ্ধারকৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা জোরদারে ব্যবহার করা যায়।’