Image description

নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সাইবার হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘প্রযুক্তি ব্যবহার করে যে কথা জামায়াতে ইসলামীর আমির কখনো বলেননি তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বঙ্গভবনের প্রোগ্রামারকে ব্যবহার করে সেই ধরনের কথা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল ট্রাক স্ট্যান্ড মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এই অভিযোগ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি, বঙ্গভবন ও ভারতের যৌথ প্রোগ্রামের মাধ্যমে জামায়াতের জনপ্রিয়তা কমানোর চেষ্টা চলছে।

বঙ্গভবনের লোক দিয়ে নেতাকর্মীদের অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে এবং মিথ্যা পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মসূচি নেয়। যারা ৫৪ বছর দেশ শাসন করেছে তাদের জনগণ এবার প্রত্যাখ্যান করবে। বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০ টাকার চাল খাওয়ানোর মতো অর্থহীন।’

 

ভোটারদের উদ্দেশে করা হুমকির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ কেউ বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে এবং ভোট দিতে গেলে পা ভেঙে দেওয়া হবে।

মাস্তান পার্টিরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর জবাব দেওয়া হবে। ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি দূর করা হবে। নবজাতকের সুচিকিৎসা, মায়েদের স্বাস্থ্যসেবা এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। জামায়াত আমির ড. শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হবে।

কেন্দ্রীয় কর্মপরিষদ ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা আমির মমিনুল হক সরকার, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ-৫ আসনের ঘড়ি প্রতীকের প্রার্থী সিরাজুল মামুন, এনসিপি নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন এবং নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।