Image description
 

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রীশ্রী মহাদেব আশ্রম ও কালীমন্দিরে পুলিশ সদস্যদের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড্ডা থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার এবং একই থানার এক এসআই ও এএসআইসহ পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ জানান, কর্তব্যে অবহেলার জন্য বাড্ডা থানার এসআই মোবাশ্বিরসহ এক এএসআই ও পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

গুলশান বিভাগ ও ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, শ্রীশ্রী মহাদেব আশ্রম ও কালীমন্দিরে দায়িত্বরত পুলিশ সদস্যদের থাকার জন্য মন্দিরের বাউন্ডারির মধ্যে একটি নির্মাণাধীন ভবনের দোতলায় রুমের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে গতকাল ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে যেকোনো সময় ঘুমিয়ে থাকা চার পুলিশ ও তিন আনসার সদস্যের পাশ থেকে তাদের চারটি ব্যাগ, দুটি মানিব্যাগ ও তিনটি মোবাইল চুরি হয়। এর মধ্যে একটি ব্যাগে ৩০ রাউন্ড শটগানের গুলি ছিল।

পরে সকাল পৌনে ১০টায় পুলিশ মণ্ডপসংলগ্ন একটি পতিত জমির পাশ থেকে ব্যাগগুলো উদ্ধার করে। চুরি হওয়া গুলিগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। এ ঘটনায় কর্তব্যে অবহেলার জন্য বাড্ডা থানার এসআই মোবাশ্বিরসহ এক এএসআই ও পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া বাড্ডা থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়।

গুলশান বিভাগের ডিসি তারেক মাহমুদ জানান, শ্রীশ্রী মহাদেব আশ্রম ও কালীমন্দিরে ডিউটিরত পুলিশ সদস্যদের চুরি যাওয়া মালামাল ও গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এটি স্পষ্টত দায়িত্বে অবহেলা। সেজন্য বিভাগীয় পদক্ষেপ হিসেবে ওসি, এক এসআই, এক এএসআইসহ অভিযুক্ত ও দায়ী পাঁচ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।