Image description

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

জানা গেছে, অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শিক্ষার্থীর নাম মো. জোনায়েদ হাসান। তার আইডি কোড নম্বর ২০৬৬। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এখন তার মরদেহ ঢামেকের মর্গে আছে। অপরজন নাম মো. তানভীর আহমেদ। সে একই স্কুলেরঅষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে।  এ ঘটনায় একে পর এক অগ্নিদগ্ধকে নেওয়া হচ্ছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বেলা ৪টা পর্যন্ত খবর অনুযায়ী, সেখানে ৩০ জনকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, দগ্ধদের অধিকাংশই শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, ‘উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী শিশুসহ অন্তত ৩০ জন জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। তিনি আরও বলেন, একের পর এক দগ্ধদের এখানে আনা হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়বে বলে মনে হচ্ছে আমাদের।’

এ পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ২৮ জনের নাম পাওয়া গেছে। দগ্ধরা হলেন, শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি (), মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪) সামিয়া।