দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দলের দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া হবে না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপকর্মের দায় দলের ওপর চাপানো যাবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে। সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের কোনো ছাড় দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে রাজনৈতিক নেতাকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। দলের আদর্শ ও সুনাম রক্ষায় প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কারও ব্যক্তিগত স্বার্থের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না।
অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে মোট ৯৫ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এসব প্রতিষ্ঠানের শিক্ষা, ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সহায়তার জন্য এ অনুদান দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এ ধরনের অনুদানকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।