Image description

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতার ঘটনা ঘটছে। গোপালগঞ্জ জেলায় বিএনপি’র সংসদ সদস্যের বাড়ি, থানাসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ঘটে। এসব ঘটনায় নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দাদের হাতে আসতে শুরু করে একের পর এক তথ্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ছক অনেকটা জেনে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নভেম্বরের শেষ দিকেও ব্যাপক তৎপরতা চালানোর পরিকল্পনা ছিল তাদের।

কিন্তু প্রশাসনের নজরদারির কারণে তা ভেস্তে যায়। সতর্কতার অংশ হিসেবে সম্ভাব্য রাজনৈতিক সন্দেহভাজনদের তালিকা তৈরি করে নজরদারি করা হচ্ছে। এরইমধ্যে সাবেক মন্ত্রী, এমপি, মেয়রসহ বেশকিছু সিনিয়র নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি’র তথ্যমতে, নভেম্বর মাসেই তালিকাভুক্ত গ্রেপ্তারের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, নাশকতার ঘটনায় দেশে অবস্থানরত আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের নজরদারিতে রয়েছেন। আত্মগোপনে থাকা নেতাকর্মীদের খোঁজেও কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলো। এমনকি জামিনে থাকা নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিদেশ থেকে কারা নাশকতায় অর্থায়ন করছেন, দেশে বসে কারা নিয়ন্ত্রণ করছেন সবকিছুর তথ্য বের করছে প্রশাসন।

এ ছাড়াও অপরাধপ্রবণ এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। টাকার বিনিময়ে নাশকতায় যুক্ত হওয়ার পর থেকে পুলিশ এসব নড়েচড়ে বসে। স্থানীয় অপরাধীরা কাদের সঙ্গে যোগাযোগ করছেন সেই বিষয়টিও নজরে রাখা হয়েছে। এদিকে, প্রশাসনের বেশকিছু কর্মকর্তারও গতিবিধি নজরে রেখেছে গোয়েন্দা সংস্থাগুলো। এখন পর্যন্ত আওয়ামী লীগ সম্পৃক্ততার অভিযোগে প্রশাসনের বেশকিছু কর্মকর্তাকে আটক-গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাজধানীর লালমাটিয়া থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ডিবি।

ডিএমপি’র ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তার বর্তমান ঠিকানা রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ১/১২, ব্লক-সি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ নিয়ে বিভিন্ন পোস্ট করতেন। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ছিল বলেও অভিযোগ রয়েছে। তাকে বেশকিছু দিন থেকে গোয়েন্দারা নজরে রেখেছিল বলে সূত্র নিশ্চিত করেছে। এর আগে গত ১৭ই নভেম্বর ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরদিন রাতেই রাজধানীর উত্তরা-৩ নম্বর সেক্টর থেকে আওয়ামী লীগের সময়ে টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা সিলেট-৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। একই রাতে উত্তরা-১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আওয়ামী লীগের হোয়াটস্অ্যাপ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২০শে নভেম্বর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি ও শ্যামনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেন এসআরবি-১ এর সদস্যরা। দোলনকে আটকের কিছু সময় পরই আজিমপুর এলাকা থেকে চলচ্চিত্র অভিনেতা তমাল মাহবুবকে গ্রেপ্তার করে ডিবি। ওই একইদিন ভোরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র মো. আতিয়ার রহমান হাবুকে গ্রেপ্তার করে গুলশান গোয়েন্দা পুলিশ (ডিবি)।

থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে গত ১৯শে নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে গত ১৬ই নভেম্বর রাত ১১টার দিকে রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রামগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক বেলাল আহমেদকে গ্রেপ্তার করে রামপুরা থানা পুলিশ।

গত ১৯শে নভেম্বর রাত পৌনে ১১টার দিকে রাজধানীর আজিমপুর থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) সদস্যরা। তথ্যমতে, তমাল মাহবুব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার ফেসবুক পেজ জুড়েও সব আওয়ামী লীগের পোস্ট। কার্যক্রম নিষিদ্ধ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে।
খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়ালো

এদিকে গোয়েন্দারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের নজরদারিতে রেখেছে। নাশকতায় অর্থায়নের অভিযোগে সোমবার ভোরে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমানকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের সামনে থেকে ডিবি রমনা বিভাগের একটি দল তাকে আটক করে। তিনি ‘ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক। তার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ যাত্রাবাড়ী থানা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম ওরফে বাদল (৩৯) এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ (৫৮)। ওইদিন বেলা সাড়ে তিনটার দিকে রমনা থানার সিদ্ধেশ্বরী লেনের নিজ বাসায় অভিযান চালিয়ে আনোয়ার পারভেজকে গ্রেপ্তার করে ডিবি’র গুলশান বিভাগ। তার বিরুদ্ধে চলমান নাশকতায় জনবল দেয়ার অভিযোগ রয়েছে।

অপরদিকে বুধবার দুপুরে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক মো. আনোয়ার পারভেজ টিংকুকে গ্রেপ্তার করে ডিবি। রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে ডিবি’র গুলশান বিভাগ তাকে গ্রেপ্তার করে। টিংকু গুলশান, বাড্ডা, মহাখালী, রামপুরা এলাকায় নাশকতার দায়িত্বে ছিলেন বলে একাধিক সূত্র জানায়। এসব এলাকায় নাশকতার ঘটনায় গ্রেপ্তারকৃতদের থেকে তথ্য পেয়ে টিংকুর ওপর নজরদারি বাড়ায় গোয়েন্দারা।

ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম মানবজমিনকে জানান, নাশকতা রোধে আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা চাই সবাই আইন মেনে চলুক। কিন্তু কেউ রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের গ্রেপ্তার করছি। তিনি বলেন, শুধু বাইরের হুমকি নয়, বাহিনীর ভেতরে সন্দেহভাজন সদস্যদের কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করা হচ্ছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।